মাওলানা আবদুল হালিম

জামায়াত মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার সারা দেশে গুম-খুনের রাজনীতি কায়েম করেছিল। ফ্যাসিবাদ আমলে গুম হওয়া অনেককে এখনও ফেরত পাওয়া যায়নি। জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে ও কারাগারে রেখে হত্যা করা হয়েছে। এ ছাড়া সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছিল।

সোমবার থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে দিনাজপুরের ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার রুকনদের নিয়ে সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত ইতিবাচক রাজনীতি ও গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে এগিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক সম্মেলনটি সঞ্চালনা করেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জনে তৃণমূল সংগঠনকে মজবুত করতে হবে। এলাকার প্রতিটি বাড়িতে সংগঠনের দাওয়াত এবং জামায়াত প্রার্থীর ও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত জোরদার করতে হবে। জামায়াতের রুকনগণকে (পুরুষ ও মহিলা) জান মালের কুরবানীতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।