অলস সতীর্থদের ওপর মহা বিরক্ত ম্যান ইউ অধিনায়ক

প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বে এবারের যুক্তরাষ্ট্র সফরে মোট তিনটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম এবং বোর্নমাউথের বিপক্ষে তারা জয় পেলেও এভারটনের বিপক্ষে ২-২ ড্র করেছে। ম্যাচটিতে সতীর্থদের পারফর্মেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ গোলে জয়ের পথেই ছিল ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে তাদের জয় হাতছাড়া হয়। শেষ ম্যাচে এভাবে জয় বঞ্চিত হওয়ায় চটে গেছেন ব্রুনো, ‘আমরা এভাবে শেষ করতে চাইনি। আমাদের পারফরম্যান্স সেরা ছিল না এবং আজ (গতকাল) আমরা একটু অলস ছিলাম। আমরা এটা এড়াতে চাই, কারণ এমন অলসতার কারণে যেকোনো মুহূর্তে মূল্য দিতে হবে।’

গত মৌসুমে ভীষণ বাজে সময় কাটানো ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলের ১৫তম স্থানে থেকে আসর শেষ করেছিল। ঘুরে দাঁড়ানোর অভিযানে তারা আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে। বিষয়টি নিয়ে ব্রুনো বলেছেন, ‘দলের মানের উন্নতি হচ্ছে। তবে যে অবস্থায় থাকা উচিত, তা নেই এখনও। আমি কোনো একজনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে চাই না। ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় ক্লাব এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছে। নতুন খেলোয়াড়দের এতে সম্পৃক্ত হতে হবে।’