ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সমালোচক বলা হয় মাইকেল ভনকে। সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে তিনি বলেছিলেন, ৩-০ বা ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে ইংল্যান্ড। কিন্তু ওভাল টেস্টে অবিশ্বাস্য জয়ে সিরিজ ২-২ ড্র করেছে ভারত। এরপর সাবেক ইংলিশ অধিনায়ককে খোঁচা মারতে ভুলেননি ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
এবারের ইংল্যান্ড সফর ছিল তরুণ অধিনায়ক শুবমান গিলের প্রথম মিশন। অধিনায়ক হিসেবে অভিষেকেই এই কঠিন মিশনে তাকে সফলই বলা যায়। লর্ডসে প্রত্যাশিত জয়টি পেলে ভারত ৩-১ ব্যবধানে সিরিজও জিততেও পারত। ড্রয়ের মাঝেও অনেক সময় মিশে থাকে জয়-পরাজয়। ভারতের জন্য এই সিরিজ ড্র করা জয়ের সমান বলে মনে করছেন হরভজন। সাবেক ভারতীয় স্পিনারের মতে, ড্র সিরিজেও আসলে বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
হরভজন বলেন, ‘আমার মনে হয়, ভারতের বড় একটি জয় লুকিয়ে আছে এখানে। হ্যাঁ, স্কোরলাইন দেখাচ্ছে ২-২। তবে ভারতের এই ড্র আসলে জয়ের সমান। মাইকেল ভন ও আরও অনেকে ভবিষ্যদ্বাণী করেছিল ৩-০ বা ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে ইংল্যান্ড। আমি এখন তাদেরকে বলব, নিজেদের দলের দিকে তাকান এবং দেখুন ইংল্যান্ডের অবস্থা। আমাদের যোদ্ধারা ভারতীয় ক্রিকেটের অবস্থান দেখিয়ে দিয়েছে।’
রোহিত শর্মা, শুবমান গিল, রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ তারকাদের ছাড়া প্রায় তরুণ একটা দল ইংল্যান্ডের মাটিতে যে পারফর্মেন্স করেছে, হরভজন তাতে মুগ্ধ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি আরও বলেন, ‘অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচ দেখল বিশ্ব। ভারত যেভাবে এই সিরিজে খেলেছে, তাদের প্রশংসা প্রাপ্য। দল যখন ইংল্যান্ডে যায়, তখন অনেকেই বলেছেন যে এই দলটা তরুণ এবং সিনিয়র ক্রিকেটার খুব বেশি নেই। এখন দেখুন, এই তরুণ দল কীভাবে ইতিহাস রচনা করল।’