ইংল্যান্ড সফরে শুরু থেকেই চলমান পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। প্রথম টেস্টে ইনিংস ও ৫৩ রানে বড় ব্যবধানে হেরে এমনিতেই ব্যাকফুটে ছিল সফরকারীরা। লর্ডস টেস্টে অধিনায়ক বাবর আজমের ইনজুরি কাটিয়ে ফেরা কিছুটা আশার আলো দেখালেও মাঠে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো স্বাগতিকদের বোলিং তোপে পড়ে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
বাবর-রিজওয়ানদের এমন হতশ্রী ও অনুজ্জ্বল ব্যাটিং প্রদর্শনী দেখে চটেছেন ক্রিকেট বিশ্লেষক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। পাক ব্যাটারদের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি ব্যঙ্গ করেছেন, এটি কোনো টেস্ট দলের ব্যাটিং মানই হতে পারে না!
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের করুণ দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন ইংলিশদের সাবেক কাপ্তান। বিবিসিতে প্রচারিত ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ নিজের ক্ষোভ উগরে দিয়ে মাইকেল ভন বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্টভাষায় বলতে চাই, ইংল্যান্ডের বোলাররা বিন্দুমাত্র চ্যালেঞ্জের মুখে পড়ছে না। সাম্প্রতিক সময়ে আমি দেখা সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপগুলোর একটি হলো এই পাকিস্তান দল। শুধু তা-ই নয়, বোলাররা যেন বল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে উইকেটে তাদের জন্য উইকেট উপহার হিসেবে অপেক্ষা করছে। আপনাকে কেউ আঘাত করবে না, কোনো ব্যাটার আপনাকে সমস্যায় ফেলবে না। বোলারদের পরিসংখ্যানও নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নেই।’
পাকিস্তানের ব্যাটিংয়ের মান এতটাই নিচে নেমেছে যে তাদের কাউন্টি দলের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি ভন। টেস্ট মেজাজের সঙ্গে বর্তমান পাক ব্যাটারদের কোনো মিল নেই দাবি করে তিনি আরও বলেন, ‘তারা সবাই জানে পাকিস্তান বড় কোনো সংগ্রহ গড়তে পারবে না। তাই বোলারদের মাঠে মাত্র ৪০ থেকে ৫০ ওভার থাকতে হবে। তারা নিজেদের সেরাটা দিয়ে প্রতিটি স্পেল শেষ করছে এবং বারবার জো রুটের কাছে গিয়ে বলছে, ‘আরেকটা ওভার আমি করতে চাই’। উইকেট নেওয়াটা এত সহজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি দ্বিতীয় বিভাগ কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই বলা যায় না যে এটি একটি টেস্ট ম্যাচ খেলার উপযোগী মানসম্মত ব্যাটিং লাইনআপ।’
লর্ডস টেস্টে স্বাগতিকদের ২৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে স্রেফ ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। সফরকারী দলের পক্ষে একমাত্র ওপেনার আজান আওয়াজ সর্বোচ্চ ৪৬ রান করলেও বাবর (৮), আব্দুল্লাহ শফিক (৫), শান মাসুদ (১) এবং মোহাম্মদ রিজওয়ানরা (৭) প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে সাজঘরে ফেরেন। পাকিস্তান শিবিরকে ধসিয়ে দিয়ে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করে ইতোমধ্যে ২৬১ রানের বড় লিড নিয়েছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস