নোয়াখালীর হাতিয়ায় তিন কেজি পাঁচশ গ্রাম হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। সোমবার (০৪.০৮.২০২৫) সন্ধ্যায় উপজেলার নলচিরা ঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী মো. জাহিদ উদ্দিন (৩০) উপজেলার নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল খায়েরের ছেলে।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে জবাই করা হরিণের মাংস পাওয়া যায়। পরে তাকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। একটি চক্র দীর্ঘদিন থেকে হাতিয়ার বনের হরিণ জবাই করে এর মাংসসহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সেই পাচার চক্রের একজন সক্রিয় সদস্য।
এ দিকে জাহিদকে বন্য প্রাণী আইনে মামলায় আটক দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।
হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, আটক জাহিদকে বন বিভাগের করা মামলায় আটক দেখানো হয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের অভিযান পরিচালনা করা হবে।