১০ হাজার পিস পচা ডিম ভর্তি পিকআপ ভ্যানসহ চালক আটক

কেক, বিস্কুট, জন্মদিনের কেক পাউরুটিসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরিতে ডিমের প্রয়োজন হয়। আর সেই বেকারি পণ্যের জন্য বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলায় পচা ডিম সরবরাহ করত একটা চক্র। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি ১০ হাজার পিস মুরগির পচা ডিম ভর্তি পিকআপ ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন ২১-৬৯৫৬) চালককে আটক করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। 

সোমবার (৪ আগস্ট) বিকেলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় চালক অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, পাবনা থেকে ১০ হাজার পিস পচা ডিম নিয়ে চালক রনি শেখ (৩৩) শেরপুর ও ধুনট উপজেলায় বিক্রির উদ্দেশ্যে আসছিলেন। আজ ভোরে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়। 

আটককৃত পিকআপ ভ্যান চালক রনি শেখ সিরাজগঞ্জ জেলার বাঁকাই শিয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। পরে, জব্দকৃত ১০ হাজার পিস পচা ডিম শেরপুর থানা পার্শ্ববর্তী ফুলবাড়ি ব্রিজ থেকে করতোয়া নদীতে ফেলা হয়।