১৪৮২ গ্রাম সোনাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম সোনার অলংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর) সকালে গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধার করা সোনার বিপরীতে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসেন ওই যাত্রী। বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার সন্দেহজনক গতিবিধি নজরে এলে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা তল্লাশি চালান। এ সময় তার হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের সোনার চুড়ি ও অন্যান্য অলংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য।

ইব্রাহিম খলিল আরও জানান, বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনার চালানের পরিমাণ নির্ধারণের পর এ-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ ঘটনায় সোনা পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত