সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি গ্রেপ্তার ২

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপকুলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। তাদের সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে কোস্ট গার্ড। 

গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শিবসা নদের শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাদের অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করে। বুধবার (৬ আগস্ট) বিকেলে তাদের খুলনার দাকোপ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে কোস্ট গার্ড। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

বুধবার বিকেলে বাগেরহাটের মোংলাস্থ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান, সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান আসাবুর বাহিনীর সদস্যরা বনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শিবসা নদের শরবতখালী এলাকায় অভিযানে যায়। তাদের আত্মসমর্পণের উদ্দেশ্যে কোস্ট গার্ড দুই রাউড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশি তৈরি একনালা বন্দুক, ১০টি তাঁজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এই দুই ব্যক্তি সুন্দরবনের তালিকাভুক্ত বনদস্যু আসাবুর বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে দাবি করেন এই কর্মকর্তা। তাদের খুলনার দাকোপ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।