পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে সামাদ পারভেজ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। সে খুলনা থেকে আসা সাতজনের পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন। সোমবার রাতে তারা স্থানীয় একটি হোটেলে উঠেন। পরদিন সকালে দলটির পাঁচজন সৈকতে গোসল করতে নামলে, সাঁতার না জানা পারভেজ হঠাৎ ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যান। তার সঙ্গীরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তীরে উঠলেও সামাদ আর ফিরতে পারেনি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ফটোগ্রাফার মেসকাত বলেন, ছেলেটি পানিতে হাত নাড়ছিল, সাহায্য চাইছিল। কিন্তু আমরা পৌঁছানোর আগেই সে চোখের সামনে তলিয়ে যায়।
ঘটনার বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
পারভেজের বন্ধু সেলিম রেজা বলেন, ভেবেই পাই না কীভাবে এমন ঘটনা ঘটলো। আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি।
খবর লেখা পর্যন্ত টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় পরিবেশ কর্মীসহ যৌথভাবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।