বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত দিনে যারা আমাদের ওপর, আমাদের ভাইদের ওপর, দেশের সাধারণ মানুষের ওপর নিপীড়ন-অত্যাচার চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
বুধবার (৬ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়।
ডা. জাহিদ বলেন, আজকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। যাদের বিগত সময়ে নিপীড়নের শিকার হতে হয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। যারা দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, ইউরোপ-আমেরিকায় প্রাসাদ তৈরি করেছে, তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে, তা নির্বাচিত সংসদ সদস্যরাই ঠিক করবেন। কুমিল্লার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানে অনেক জ্ঞানী, গুণী নেতা আছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।
দেশে বেকার সমস্যা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, লাখ লাখ তরুণ আজ কর্মহীন। কারণ বিগত সরকার কেবল একটি দলের সমর্থকদেরই চাকরি দিয়েছে। দেশের সাধারণ মানুষকে কোণঠাসা করে রাখা হয়েছিল। সেই অবহেলিত জনগণের পাশে দাঁড়ানো এখন আমাদের দায়িত্ব। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে—এ কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান-বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মারুফ হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী প্রমুখ।