সব শ্রেণির মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যান মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে মানুষ রাস্তায় ভিক্ষাবৃত্তি করে, যে মানুষ এসি রুমে থাকে, সব মানুষের কথা চিন্তা করেই এবারের বাজেট হয়েছে। ধনী গরিব নির্বিশেষে সবশ্রেণি পেশা ও গোষ্ঠীর মানুষের কথা চিন্তা করেই এবারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর আড়াইটায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষক কৃষানীদের মাঝে সার ও বীজ, গরীব অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণকালে সমাজকল্যান মন্ত্রী এসব কথা বলেন।
১ জুলাই পে স্কেলটা কিভাবে দেওয়া হবে সেটাও এই বাজেটে বলা হয়েছে জানিয়ে ডা. জাহিদ বলেন, আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা অথবা বেশি সুবিধা দেওয়া কোনোটাই করছি না। সবার জন্য যে সুবিধাটা দরকার সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা সবাই যদি একসঙ্গে ভালো থাকি তাহলেই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনারা যদি ভোট না দিতেন তাহলে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। আমি আপনাদের সেবা করার সুযোগ পেতাম না। প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হতে পারতেন না। কাজেই আপনারা যে আমাদেরকে ১২ ফেব্রুয়ারিতে বিশ্বাস করেছেন।
তিনি বলেন, এই দেশের মালিক হলেন আপনারা, আপনারা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করার। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এখন আপনাদের সুবিধা অসুবিধা দেখার ও পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যেই আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই কাজ করছি।
একইসে সঙ্গে তিনি হিলি স্থলবন্দরে গুরুত্বপুর্ণ বিভিন্ন সড়ক পাকাকরণ,স্টেশনে ট্রেন থামা, স্থলবন্দরের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোনতাসির মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা,হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।