সমালোচনার মধ্যেই এবার কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ আসেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সারজিস আলম বলেন, এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে ২৪ দফার ইশতেহার দেওয়া হয়েছে। এই ২৪ দফার মধ্যে ২১ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা।
তিনি বলেন, আমাদের বিশাল সম্ভাবনার জায়গা এই সমুদ্র। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কিভাবে এই সমদ্রকে, আমাদের বায়োডাইভারসিটিকে রক্ষা করতে পারি; সমুদ্র তীরবর্তী মানুষের টেকসই জীবনধারণ কিভাবে নিশ্চিত করতে পারি। আমাদের আশঙ্কা অনেক বাড়িঘর সমুদ্রে বিলীন হতে পারে। সেজন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। যেমন: দুর্যোগের যে পূর্বাভাস দেওয়া হয় সেগুলো যেন একটা নির্ধারিত সময়ের পূর্বেই দেওয়া হয়। যাতে এর ফলে ক্ষয়ক্ষতি যেন কমে আসে।
শেষে তিনি আরও বলেন, আমরা যেন সমুদ্রকে সম্পদে পরিণত করতে পারি। সমুদ্র থেকে যেন খনিজ সম্পদ আহরণ করতে পারি এবং সেগুলো যেন টেকসই হয়। আমাদের টেকসই নদী ও সমুদ্র দরকার। আমরা দেখছি- কক্সবাজারের যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে। কোনো ব্যবস্থাপনা নেই। যেখানে-সেখানে জমি দখল করছে। সরকারি কর্মকর্তাদের টাকা দিয়ে অবৈধভাবে জমি লিজ নিচ্ছে। সৈকতের পাড়ে প্রাচীর দেওয়া হচ্ছে।
তিনি পরিবেশ ও জলবায়ু নিয়ে সবাইকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানান।