২৩টি গোলাপে বরণ করা হলো মোহাম্মদ সিরাজকে

ইংল্যান্ড জয় করে নিজ শহর হায়দরাবাদে ফিরেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। গতকাল বুধবার তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড় নেমেছিল। সিরাজ কোনোরকমে দর্শকদের ভিড় এড়িয়ে বাড়ির উদ্দেশে গাড়িতে ওঠেন। বাড়িতেও তাকে বরণ করে নেওয়ার আয়োজনের কমতি ছিল না।

ইংল্যান্ডে টানা পাঁচ টেস্টে মোট ১ হাজার ১১৩টি বল করেছেন সিরাজ! যেকোনো পেসারের কাছেই যা স্বপ্নের মতো। ২৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী। তাই তার জন্য উপহার হিসেবে ২৩টি গোলাপ দিয়ে তৈরি ফুলের তোড়া নিয়ে আসেন তার বন্ধুরা। বিমানবন্দরে প্রবেশ করতে না পারায় তারা সিরাজের বাড়িতে চলে যান। সিরাজ একবার বাড়ির বাইরে বেরিয়ে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে হাত নাড়েন।

সিরাজ ঘরে ফেরার পর তার বড় ভাই মোহাম্মদ ইসমাইল স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো লাগছে। আজ মাও খুব খুশি। ওর প্রিয় খাবার রান্না করা হয়েছে বাড়িতে। আজ প্রাণ খুলে পছন্দের খাবার খেতে পারবে। পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য অনেক উপহার এনেছে। আপাতত কয়েকদিন বিশ্রাম নেবে। আজ কিছুক্ষণের জন্য বাবার কবরে গিয়েছিল। ও যতদিন বাড়িতে থাকে, বেশিরভাগ দিনই একবার করে সেখানে যায়। নীরবে কিছুক্ষণ কাটায়। আবার ফিরে আসে।’

এর আগে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে সিরাজের শৃঙ্খলাবদ্ধ জীবনের গল্প শুনিয়েছিলেন তার ভাই মোহাম্মদ ইসমাইল, ‘সিরাজ ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। বাইরের খাবার খাওয়া বন্ধ করেছে। হায়দরাবাদে থাকলেও বিরিয়ানি খুব কমই খায়। খেলেও সেটা বাসায় রান্না করে। পিৎজাসহ তার পছন্দের সব ফাস্টফুড খাওয়া বন্ধ করেছে। ও কখনো হার মানে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও হতাশ হয়নি। বরং কঠোর পরিশ্রম করেছে।’