তিন ভেন্যুতে এনসিএল খেলবেন সাবেকরাও

চট্টগ্রাম এবং রাজশাহী নয়, বগুড়া এবং রাজশাহীতে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এনসিএলে অংশ নেওয়া বিভাগীয় দলগুলোর ম্যানেজার, সম্প্রচার সংস্থা ও টুর্নামেন্ট আয়োজনের অংশীজনদের নিয়ে সমন্বয় সভা শেষে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বেশ কিছু কারণেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ হবে রাজশাহী ও বগুড়ায়, সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেটে ফ্লাডলাইটের আলোয়।

ঘরোয়া ক্রিকেটের কার্যক্রমে নতুনভাবে ফিরিয়ে আনা এনসিএল টি-টোয়েন্টি গত মৌসুমে বেশ আগ্রহের জন্ম দিলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ছিল প্লেয়ার্স ড্রাফটের আগে এনসিএলের আয়োজন করা। বিসিবিও সেই ভাবনা থেকেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু করতে চাইছে, তবে ভেন্যু নিয়ে আছে অনিশ্চয়তা। ৩ আগস্ট দেশ রূপান্তরকে আকরাম জানিয়েছিলেন চট্টগ্রাম ও রাজশাহীতে আয়োজন করতে চান এনসিএল, তবে বৃহস্পতিবার জানিয়েছেন ভেন্যু পরিবর্তনের কারণ, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটি মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বগুড়া, রাজশাহী এবং সিলেট এই তিনটি জায়গায় আমরা করব। গত মৌসুমের সব ম্যাচই হয়েছিল সিলেটে, এবার পরিবর্তনের কারণ জানালেন, ‘আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেক ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবারাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবারাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’

কেন চট্টগ্রামে খেলা হচ্ছে না জানিয়েছেন চট্টগ্রামেরই এই কৃতি সন্তান, ‘আমাদের দুটো ভেন্যুতে খেলা চালাতে হতো। সেজন্য আমরা এমএ আজিজ স্টেডিয়ামের কথা ভেবেছিলাম (চট্টগ্রামে), তবে সেখানে লাইটিংয়ের একটা সমস্যা আছে, আর উইকেটও সেভাবে ভালো আমরা পাব না। বগুড়ায় অবস্থা মোটামুটি ভালো আছে, আর এখনো আমাদের হাতে ৪০ দিনের মতো সময় আছে। গ্রাউন্ডস থেকে কালকে লোকজন যাবে এবং দেখে আমাদের আপডেট দেবে। ডেফিনেটলি আমরা ভালো উইকেটে খেলাতে চাই, টি-টোয়েন্টিতে যেন রান হয়, জিনিসটা আমাদের মাথায় আছে। সব ফ্যাসিলিটি আমরা ভালো দিতে চাচ্ছি। দেখা যায় অনেকে অনেকরকম হেলমেট পরে খেলে। প্রত্যেককে আমরা হেলমেট দিচ্ছি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তারা কি এনসিএলে খেলবেন কি না, এমন প্রশ্নে আকরাম বলেছেন, ‘আশা করছি তিনজনই খেলবে। তামিম চট্টগ্রাম দলের সঙ্গে কথা বলেছে, মুশফিক খুব সম্ভবত নির্বাচকদের অনুরোধ করেছে যে সিলেটের হয়ে খেলতে চায়, রিয়াদ...সিলেক্টরদের সম্পর্কে কিছু আমাকে বলেনি, তবে মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। খেলা উচিত।’

আকরাম জানান, প্রতিদিন দুটো ম্যাচ হবে। একটি রাজশাহীতে, অন্যটি সিলেটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেটে। এনসিএল টি-২০ শুরুর সম্ভাব্য সময় ১৫ সেপ্টেম্বর, ফাইনাল ৪ অক্টোবর।