রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে শিল্পীর মৃত্যু

রাজশাহীর লোকসংগীতশিল্পী তরিকুল ইসলাম ডালিম (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। সংগীতজগতে তিনি ‘গামছা বাউল ডালিম’ নামে পরিচিত ছিলেন। ডালিম গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের সময় দুর্ঘটনার শিকার হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

গানের প্রতি ভালোবাসার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে ডালিম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারাতে গিয়ে হঠাৎ একটি সার্কিটে শক লাগে। সঙ্গে সঙ্গেই পাশের ধানক্ষেতে ছিটকে পড়েন ডালিম। এরপর আর জ্ঞান ফেরেনি।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’