পঞ্চম দফায় কাপ্তাই বাঁধের গেট বাড়ানো হলো আরও ছয় ইঞ্চি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদ এলাকায় বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট এবার পঞ্চম দফায় আরও ছয় ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। হ্রদের পানি একেবারেই বিপৎসীমার সর্বোচ্চ পর্যায়ে থাকায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করার পর বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তিন ফুট পর্যন্ত গেট খুলে দেওয়ার পরও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সন্ধ্যায় হ্রদের পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৮৩ এমএসএল। পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএলের একেবারেই কাছাকাছি চলে আসায় ঝুঁকি এড়াতে গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।

এদিকে কাপ্তাই গেট খুলে দেয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা হতে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। এতে স্থানীয়রা ছাড়াও রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।