বন্ধ হলো কাপ্তাই বাঁধের আরও ১ ফুট জলকপাট, দৃশ্যমান ঝুলন্ত সেতু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আরও এক ফুট কমিয়ে বর্তমানে এক ফুট উচ্চতায় খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউবিক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাঁচটি ইউনিট চালু রেখে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এতে করে ছয়দিন পর পানি সরে রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতু দৃশ্যমান হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন। 

তবে এখনও পানি পাটাতন ছুঁয়ে থাকায় এবং উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কর্তৃপক্ষ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে।

আলোক বিকাশ চাকমা বলেন, পানি সেতু থেকে নেমে গেলেও এখনও পাটাতন ছুঁয়ে আছে। উজান থেকে এখনও পাহাড়ি ঢল নামছে, পানি আরও একটু কমে গেলে তখনই আমরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যটকদের জন্য সেতু উন্মুক্ত করে দেবো। এখন সেতুতে ঘষামাজার কাজ চলছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে হ্রদে পানি ধীরে ধীরে কমতে থাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাঁধের গেট আরও এক ফুট কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জলকপাট এক ফুট খোলা রয়েছে। সকাল ১১টায় হ্রদের পানির স্তর ১০৫ দশমিক ৩৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরও কমে আসলে গেট বন্ধ করে দেওয়া হবে।

২৯ আগস্ট বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন চার ইঞ্চি ডুবে যায়। পরে  দর্শনার্থীদের প্রবেশে বিরত থাকার অনুরোধ জানায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত