পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চ সার্ভিস বন্ধ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট জেটি ভেঙে যাওয়ায় অস্থায়ীভাবে চালু থাকা লঞ্চ সার্ভিসও বন্ধ হয়ে গেছে। পদ্মা নদীর প্রবল স্রোতে অস্থায়ী ঘাটের র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, মূল লঞ্চঘাট পদ্মার স্রোতে জেটি ভেঙে যাওয়ার পর মঙ্গলবার বিকালে লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। কিন্তু আজ সন্ধ্যায় ওই ঘাটের একটি র‌্যাম্পের তার ছিঁড়ে যায় এবং অপরটির নিচ থেকে মাটি সরে যায়। এতে বড় দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়।

তিনি বলেন, যেকোনো সময় অপর র‌্যাম্পের তারও ছিঁড়ে যেতে পারে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। আপাতত এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর জরুরি ভিত্তিতে লঞ্চগুলো ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে যাত্রী চলাচল চালু রাখা হয়। কিন্তু নতুন করে ঘাটের র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ দেশ রূপান্তরকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ নির্দেশে নিরাপদ স্থানে অথবা ১নং ফেরি ঘাটে সরিয়ে নেওয়া হবে লঞ্চ ঘাট।