জাপা মহাসচিব বললেন

নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। তা ছাড়া জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সে অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই। এ ছাড়া যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না।’