রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ভিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। দুর্ঘটনায় গাড়িও আগুন ধরে পুড়ে গেছে।
নিহতরা হলেন শওকত হোসেন কানন (৪০), তার চাচাতো ভাই রিন্টু (৪২)। আর আহত হয়েছেন হাসনাত (৪২) নামে একজন।
শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বানানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৩ জনই গুরুতর আহত হন। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান তারা। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেটকারে আগুন ধরে যায়। এতে গাড়িটি পুড়ে গেছে। দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর এলাকার প্রথম লেনে। একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তিনি। নিহত রিন্টু ও কানন চাচাতো ভাই। রিন্টু ট্যানারি ব্যবসায়ী। স্ত্রী সন্তান নিয়ে তিনি ধানমন্ডিতে থাকতেন।
তিনি আরও জানান, প্রাইভেটকারটির মালিক রিন্টু। তবে রাতে তারা ৩ জন কোথায় গিয়েছিলেন তা কেউ বলতে পারেননি।