মাত্র কয়েক ঘণ্টা আগেই আরবি লাইপজিগ থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বেনিয়ামিন সেসকো। ৭ কোটি ৩৭ লাখ পাউন্ডের (টাকায় ১২শ কোটি) রেকর্ড ট্রান্সফার ফিতে স্লোভেনিয়ার এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের জন্য দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে ফিওরেন্টিনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরুর আগে মাঠে উপস্থিত সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। সেসকোকে স্বাগত জানান ইউনাইটেড ভক্তরা। যদিও এই ম্যাচে তিনি মাঠে নামেননি, তবু নতুন এই তারকাকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে।
২২ বছর বয়সী সেসকো গত মৌসুমে লাইপজিগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২১ গোল ও ছয়টি অ্যাসিস্ট। তার গতি, শারীরিক শক্তি ও ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা তাকে ইউরোপের অন্যতম ভয়ংকর তরুণ স্ট্রাইকারে পরিণত করেছে। গত দুই মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ গতির পাশাপাশি হাওয়ায় বল দখলের ক্ষেত্রেও তিনি ছিলেন সেরা।
২০২৩ সালে সিস্টার ক্লাব সালজবুর্গ থেকে লাইপজিগে যোগ দিয়ে দুই মৌসুম সেসকো খেলেছেন বুন্দেসলিগায়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৭ ম্যাচে তার গোল ৩৯টি ও অ্যাসিস্ট ৮টি, এর মধ্যে বুন্দেসলিগায় ৬৪ ম্যাচে করেছেন ২৭ গোল।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২৩ বছরের কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সেসকো। এই তালিকায় তিনি রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামের চেয়ে এক গোল এগিয়ে এবং লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান ভার্টজের চেয়ে পাঁচ গোল বেশি করেছেন।
বুন্দেসলিগায় তিনি ছিলেন অন্যতম দ্রুততম স্ট্রাইকার, সর্বোচ্চ গতি তুলেছেন ঘণ্টায় ৩৫.৭ কিলোমিটার। উচ্চতার কারণে (৬ ফুট ৫ ইঞ্চি) এয়ারে লড়াইয়েও সেরা ছিলেন, জিতেছেন ৫৭.৪% লড়াই। গত দুই মৌসুমে লিগে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র ছয় ফরোয়ার্ড।
দূরপাল্লার শটেও ভয়ঙ্কর সেসকো—গত মৌসুমে তার শটের ৩৬.৮% এবং গোলের ২৩.১% এসেছে বক্সের বাইরে থেকে, যা গত মৌসুমে ১২ বা তার বেশি গোল করা সব বুন্দেসলিগা স্ট্রাইকারের মধ্যে সর্বোচ্চ।
সেসকো নিউক্যাসল ইউনাইটেডেরও টার্গেট ছিলেন। তবে তিনি বেছে নিয়েছেন রুবেন আমোরিমের কোচিংয়ে নতুনভাবে গড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডকে। এর আগে এই মৌসুমে আক্রমণভাগে আরও দুই তারকা—মাথেউস কুনহা (৬ কোটি ২৫ লাখ পাউন্ড) ও ব্রায়ান এমবুমো (৬ কোটি ৫ লাখ পাউন্ড)—কিনেছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম হয়ে শেষ করেছিল ইউনাইটেড, যা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে ফল। গোলের অভাবই ছিল প্রধান কারণ। তাই নতুন মৌসুমে আক্রমণভাগে শক্তি বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
চুক্তি সইয়ের পর সেসকো বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস অবশ্যই খুবই বিশেষ। কিন্তু আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে এর ভবিষ্যৎ। আমরা যখন এই প্রকল্প নিয়ে আলোচনা করি, তখন পরিষ্কার হয়ে যায়—এখানে বড় ট্রফির জন্য লড়াই করার সবকিছুই রয়েছে। ক্লাবে আসার পর থেকেই আমি ইতিবাচক শক্তি ও পারিবারিক পরিবেশ অনুভব করছি।”
স্লোভেনিয়ার হয়ে ইতিমধ্যেই ৪১ ম্যাচে ১৬ গোল করেছেন সেসকো। ২০২১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার।