সার্জিও ফারিয়াসের বসুন্ধরা কিংস অধ্যায়ের শুরুটা হবে কাতারের দোহায়। হাই প্রোফাইল এই ব্রাজিলিয়ান কোচ বাংলাদেশের অন্যতম শক্তিশালী দলটির দায়িত্ব বুঝে নেবেন ২০২২ বিশ্বকাপের শহরে। সেখানে মঙ্গলবার সিরিয়ার দল আল-কারামাহ এসসি’র বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি পর্বের ম্যাচটি খেলবে শীর্ষ ফুটবলের আবির্ভাবে টানা পাঁচ লিগ জয়ী বসুন্ধরা। আগামী মৌসুমে বসুন্ধরার দায়িত্বে থাকবেন ফারিয়াস। তবে শুরুটা তিনি ঢাকা থেকে করবেন না। পরিকল্পনা অনুযায়ী দলকে দোহায় দুদিন প্রস্তুত করে ডাগআউটে দাঁড়িয়ে যাবেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ। আজ সকাল ১০টা ৫৫’র ফ্লাইটে ঢাকা থেকে দোহা যাচ্ছে দলটি। আজই হেড কোচ তার দুই সহকারী ও আগামী মৌসুমের জন্য চূড়ান্ত হওয়া চার বিদেশি এবং যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেলের সঙ্গে দলের সাক্ষাৎ ঘটবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
এবারের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলাটা বসুন্ধরার জন্য মেঘ না চাইতেই জলের মতো একটা ব্যাপার। গত মৌসুমে তারা লিগ শিরোপা হারিয়েছে মোহামেডানের কাছে, হয়েছে তৃতীয়। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের জন্য সøট শুরুতে ছিল একটা। মোহামেডান ঠিকঠাক এএফসি ক্লাব লাইসেন্সিং না করায় সুযোগটা পেয়েছে লিগ রানার্স-আপ আবাহনী। বসুন্ধরার সামনে প্রিলির দরজা খুলে যায় পশ্চিম জোনে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো দল ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত মেটাতে না পারায়। ফেডারেশন কাপ জয়ী হিসেবে তারা খেলবে এবারের আসরে। তবে নানা কারণেই বসুন্ধরা সেরা প্রস্তুতি নিতে পারেনি। দল গঠনে একটু ধীরে চলো অবলম্বন করেছিল ক্লাবটি। পরে অবশ্য সেরা মানের দলই গড়েছে। তাদের নিয়ে দেশে ১২-১৩ দিনের মতো হয়েছে অনুশীলন। চার বিদেশিকে অবশ্য দোহায় সরাসরি যোগ দিতে বলা হয়েছে। এবার বসুন্ধরা ফিরিয়েছে দুই মৌসুম আগে খেলে যাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজকে। এছাড়া আবাহনীর ঘরের ছেলেতে রূপ নেওয়া ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তো প্রথমবারের মতো খেলবেন বসুন্ধরার জার্সিতে। আর চ্যাম্পিয়ন মোহামেডানের দুই নাইজেরিয়ান ইমান্যুয়েল টনি ও সানডেকে দলে নিয়েছে বসুন্ধরা।
ফারিয়াস ছাড়াও বিদেশি ট্রেনার ও অ্যানালিস্ট দোহায় যোগ দেবেন দলের সঙ্গে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের সাবেক ফুটবলার কিউবা মিচেল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এবার বসুন্ধরায় খেলবেন স্থানীয় হিসেবেই। দল গঠনে এবারও বসুন্ধরা এগিয়ে থাকছে বেশ। আগের স্থানীয়দের মধ্য থেকে ফরোয়ার্ড রফিকুল ইসলাম, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও তরুণ ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুলকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। বাকিদের সঙ্গে এবার যোগ দেবেন আবাহনীর গত মৌসুমের অধিনায়ক মোহাম্মদ হৃদয় ও রাইট উইঙ্গার শাহরিয়ার ইমন। এছাড়া রহমতগঞ্জ থেকে অভিজ্ঞ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন, জাতীয় দলের রাইটব্যাক তাজউদ্দিন ও রহমতগঞ্জের স্টপারব্যাক তানভীর আহমেদকে দলে নিয়ে বসুন্ধরা বেশ ব্যালেন্সড দল এবার।
গত মৌসুমে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগের অভিজ্ঞতা ভীষণ তেতো ছিল তাদের জন্য। সেবার তারা সরাসরি খেলেছিল গ্রুপ পর্বে। ভুটানে অনুষ্ঠিত গ্রুপের তিন ম্যাচেই বসুন্ধরাকে পেতে হয় হারের লজ্জা। এমনকি স্থানীয় পারো এফসি’র কাছেও হার মানতে হয় বাংলাদেশ সেরাদের। এবার তারা যাচ্ছে প্রিলিমিনারি পর্বের বাধা টপকে গ্রুপ পর্বে যাওয়ার লক্ষ্যে। ক্লাবের এক শীর্ষ কর্তা বলেন, ‘আমাদের বরাবরের মতো লক্ষ্য থাকবে জয়। এছাড়া অন্য কোনো লক্ষ্যে আমরা খেলি না। আমাদের তিন কোচ, চার বিদেশি ও কিউবা দলের সঙ্গে দোহায় যোগ দেবেন। সেখানে দুটি প্র্যাকটিস সেশন হবে। এরপর সিরিয়ার প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, কারণ সেখানে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। একই সঙ্গে আমাদের অফুরান শুভ কামনা থাকবে আবাহনীর জন্যও। আমরা চাই তারাও যাতে প্রিলিমিনারি ম্যাচ জিতে গ্রুপ পর্বে যায়। দুটি দল গ্রুপ পর্বে যাওয়া মানে দেশের ফুটবলের জন্যই হবে বড় অর্জন।’
বসুন্ধরার প্রতিপক্ষ আল-কারামাহ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সেরা দলগুলোর একটি। নিজ দেশে খেলা আয়োজন নিরাপদ না বলেই তারা ম্যাচটি দোহায় আয়োজন করছে। দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলে বসুন্ধরা পাবে গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র।