আজ থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। গতকাল শনিবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ছাড়া) ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি, ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করা হবে। দৈনিক ট্রাকপ্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে। ভোক্তাপ্রতি ভোজ্য তেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসুর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।