ইসরায়েলি হামলায় সম্প্রতি নিহত হয়েছেন ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান আল ওবেইদ। গত বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত হন। সুলেইমানের স্মরণে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর তোপের মুখে পড়েছে উয়েফা।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ -এ উয়েফার পক্ষ থেকে লেখা হয়, ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনের পেলে”। একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ঘোর দুঃসময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’ সেই পোস্ট শেয়ার করে লিভারপুল তারকা সালাহ লিখেছেন, ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’
টুইট করে সুলেইমানের প্রতি সম্মান জানালেও উয়েফা তাঁর মৃত্যুর কারণ এড়িয়ে গেছে। এতেই চটেছেন সালাহ। এখন পর্যন্ত তার প্রশ্নের জবাব দেয়নি উয়েফা। কোনো বিবৃতিও আসেনি। গত ২৯ জুলাই ফিলিস্তিনের অলিম্পিক কমিটি জানিয়েছে, শুধু জুলাই মাসেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ৪০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
উল্লেখ্য, ৪১ বছর বয়সী সুলেইমানকে ‘ফিলিস্তিনের পেলে’ বলা হতো। ২৪টি আন্তর্জাতিক ম্যাচে দুটিসহ ক্যারিয়ারে শতাধিক গোল করেছিলেন সুলেইমান। লিভারপুল ফরোয়ার্ড সালাহ এর আগেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের পক্ষে কথা বলেছেন এবং নিরীহ মানুষের হত্যা বন্ধ করতে বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
উয়েফা এড়িয়ে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা কিন্তু সুলেইমানকে হত্যার প্রতিবাদ করেছেন, ‘সাহায্য পাওয়ার আশায় রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমান আল-ওবেইদকে হত্যা করেছে ইসরায়েল। তাকে “ফিলিস্তিনের পেলে” ডাকা হতো। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন মুক্ত হোক।’