পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সম্রাট অ্যাঞ্জেলফিশ নামের এক বিরল সামুদ্রিক মাছ। রঙিন ও দৃষ্টিনন্দন এই মাছ সাধারণত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর এলাকায় বাস করে।
গত ৪ আগস্ট, কুয়াকাটা উপকূলে আনোয়ার মাঝির, এফবি জারিফ তারিফ” ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে। রবিবার সকালে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমে যায়। স্থানীয়রা একে অনেকটা অ্যাকুরিয়াম ফিশের সঙ্গে তুলনা করেছেন।
মাছটির দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি, গায়ে গাঢ় নীল পটভূমিতে হলুদ দাগ এবং মুখে নীল-কালো ‘মাস্ক’ প্যাটার্ন রয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, এ ধরনের মাছ তারা আগে দেখেননি।
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এটি প্রবালপ্রধান, লবণাক্ত উষ্ণ সমুদ্র অঞ্চলের মাছ। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে এই প্রজাতি হয়তো নতুন এলাকায় আসছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) আহ্বায়ক পরিবেশ কর্মীকে এম বাচ্চু বলেন, বঙ্গোপসাগরে অ্যাঞ্জেলফিশ ধরা পড়া আমাদের উপকূলের জীববৈচিত্র্যের সৌন্দর্যের প্রমাণ। এই বিরল প্রজাতি রক্ষা করতে হলে এখনই উপকূল ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নেওয়া জরুরি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, অ্যাঞ্জেলফিশ বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতি। এটি গভীর সমুদ্রের মাছ হলেও জেলেদের জালে ধরা পড়া অর্থনৈতিকভাবে ইতিবাচক সংকেত।