সাকিবের চেয়ে নারাইন ভালো, নারাইনের চেয়ে রশিদ

সাকিব আল হাসান, সুনিল নারাইনদের ক্যারিয়ারে যখন গোধূলি, তখন রীতিমতো দাপট দেখিয়ে যাচ্ছেন আফগান তারকা রশিদ খান। এই লেগস্পিনার সম্প্রতি ৬৫৪ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। সাকিব, নারাইন এখনো টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। তাদের দুজনের থেকে নিজেকেই সেরা মনে করেন রশিদ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে রশিদকে নিয়ে একটি র‍্যাপিড ফায়ার ভিডিও প্রকাশ করেছে। সেখানে তাকে সাকিব আল হাসান, যুবেন্দ্র চাহাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেন ও অক্ষর প্যাটেলের মধ্য থেকে সেরা স্পিনার বেছে নিতে বলা হয় রশিদকে। বেশিরভাগ ক্ষেত্রেই রশিদ বেছে নিয়েছেন ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালকে।

একপর্যায়ে চাহাল ও ইমরান তাহিরের মধ্যে বাছাইয়ের সময় দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার তাহিরকে এগিয়ে রাখেন রশিদ। একইভাবে শাদাব খানের সঙ্গেও তুলনায় তাহিরের নামই বলেছেন রশিদ। তবে তাহিরের সঙ্গে সুনীল নারিনের তুলনা করতে গিয়ে রশিদ বেছে নেন নারাইনকে। এরপর সাকিব, তাবরাইজ শামসি, ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে তুলনাতেও ক্যারিবিয়ান স্পিন সেনসেশনকেই বেছে নেন রশিদ।

যখন নিজের সঙ্গে নারাইনের তুলনা করতে বলা হলো, তখন রশিদ বলেন, ‘ওহ। এটা তো কঠিন ব্যাপার’! পরে হাসতে হাসতে নিজের নামটাই বলে দেন রশিদ। উল্লেখ্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভো (৬৩১)। তৃতীয় স্থানে আছেন সুনিল নারাইন (৫৮৯)। পরের দুটি স্থানে আছেন যথাক্রমে ইমরান তাহির (৫৪৭ উইকেট) এবং সাকিব আল হাসান (৪৯৮ উইকেট)।