সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে পিয়াইন নদীপথে আসা ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় নদী থেকে তার লাশ ডুবুরিরা উদ্ধার করেন।
নিহত বিজিবি সদস্য হলেন- মাসুম বিল্লাহ। তিনি গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত শনিবার বিকালে মাসুম বিল্লাহসহ দুইজন বিজিবি সদস্য নৌকাযোগে পিয়াইন নদীতে ভারতীয় চোরাচালানের পণ্য ধরতে অভিযানে যান। এসময় চোরাকারবারীদের নৌকার ধাক্কায় দুইটি নৌকাই ডুবে যায়।
এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও বিজিবি সদস্য মাসুম বিল্লাহ নদীতে তলিয়ে যান। এরপর থেকে উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি। প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার বিকালে ডুবুরি নুর মিয়া নদীর তলদেশে মাসুম বিল্লাহর সন্ধান পান এবং তার মরদেহ উদ্ধার করেন।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।