হ্যান্ডারসন বীরত্বে লিভারপুলকে হারিয়ে শিরোপা ক্রিস্টাল প্যালেসের

গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। আর এফএ কাপ নিজেদের ঘরে তোলে ক্রিস্টাল প্যালেস। আজ রবিবার ওয়েম্বলিতে এফএ কমিউনিটি শিল্ড ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ২-২ ব্যধধানে। পরে টাইব্রেকারে ক্রিস্টাল ৩-২ ব্যবধানে হারায় লিভারপুলকে।

টাইব্রেকারে লিভারপুলের মোহামেদ সালাহ বল মারের বারের উপর দিয়ে। আর ম্যাক অ্যালিস্টার ও হার্ভে এলিয়টের শট রুখে দেন ক্রিস্টালের গোলকিপার ডিন হ্যান্ডারসন।

এই প্রথমবারের মতো এফএ কমিউনিটি শিল্ড জিতলো ক্রিস্টাল প্যালেস। ক্লাবটির ইতিহাসে এফএ কাপের পর এটিই দ্বিতীয় সেরা মেজর ট্রফি। এর আগে এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে।

টাইব্রেকারে প্রথমেই শট নিয়ে বারের উপর দিয়ে বল মারেন সালাহ। ক্রিস্টাল প্যালেসের প্রথম শট জালে জড়ায়। লিভারপুলের দ্বিতীয় শটটি নেন ম্যাক অ্যালিস্টার। সেটি রুখে দেন ক্রিস্টালের গোলকিপার হ্যান্ডারসন। ক্রিস্টালের দ্বিতীয় শট রুখে দেন লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার। তাতে জমে ওঠে টাইব্রেকারও। পরে লিভারপুলের চতুর্থ শটটিও রুখে দেন হ্যান্ডারসন। সেটি নেন হার্ভে এলিয়ট। এরপর ক্রিস্টালের নেওয়া চতুর্থ শটটি ক্রসবারে আঘাত হানে। লিভারপুল নিজেদের পঞ্চম শট জালে পাঠালে এখানেও ২-২ হয়। তবে ক্রিস্টালের পঞ্চম শটটি জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন জাস্টিন ডেভেনি।

তার আগে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। হুগো একিতিকে গোল করে এগিয়ে দেন অলরেডদের। তবে ১৭ মিনিটে জেয়ান-ফিলিপ মাতেতার পেনাল্টি গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। এর চার মিনিট পর জেরেমি ফেরিংপোং গোল করলে আবারও এগিয়ে যায় আর্না স্লটের দল। এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। ৭৭ মিনিটে ইসমাইল সার গোল করলে সমতায় ফেরে ক্রিস্টাল। নির্ধারিত সময়ে আর কোন গোল হয়নি। ৮৭ মিনিটে হলুদ কার্ড দেখেন সালাহ। পরে এফএ কমিউনিটি শিল্ডের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ।