রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজে প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এ প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার আফসানা।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ওসিসহ অন্যরা গিয়েছেন। মরদেহগুলো পুরুষের। পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থাগুলোর কমকর্তারা ঘটনাস্থলে আছেন। লাশ দুটি ঢামেক মর্গে পাঠানো হবে।
ডিএমপির রমনা ডিভিশনের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাইভেটকারটি গতকাল বিকাল ৫টা ৩২ মিনিটে মেডিকেলের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে আসে। গাড়ির মালিকসহ ২ জন চলে যায়। নিহত ২ জন হাসপাতাল থেকে তাদের স্বজনদের নিতে অপেক্ষা করেন। বিষয়টি গভীরে গিয়ে আমরা তদন্ত করছি। সিসি ফুটেজ সংগ্রহ করে কারা গ্যারেজে এসেছে বা বের হয়ে গেছে তা পর্যালোচনা করা হচ্ছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।