রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক পৃথক জায়গা থেকে এক নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। তারা সবাই ভবঘুরে প্রকৃতির।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। এসআই মো. আসাদুজ্জামান জুয়েল মরদেহটি উদ্ধার করেন।
মতিঝিল নটর ডেম কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে সোমবার সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করান পথচারীরা। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর সেখানে তিনি মারা যান।
শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলের পাশ থেকে ৩০ বছর বয়সী নারী ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন এসআই বিজয় মণ্ডল। তিনি জানান, তারা দুজনই ভবঘুরে। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) প্রাণেশ্বর দাস জানান, সোমবার সকালে জাউলাহাটি এলাকা থেকে উদ্ধার করা হয় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ। তিনিও ভবঘুরে প্রকৃতির।
রাজধানী পৃথকস্থান থেকে দুটি মরদেহ উদ্ধার