ধর্ষণ মামলার কারণে উত্তর প্রদেশ টি–টোয়েন্টি লিগে খেলতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ইয়াশ দয়াল। গোরখপুর লায়ন্স তাকে ৭ লাখ রুপিতে দলে নিয়েছিল। তবে চলমান মামলার কারণে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) তার অংশগ্রহণের অনুমতি আটকে দিয়েছে। এই খবর দিয়েছে ভারতের দৈনিক জাগরণ।
ঘটনার সূত্রপাত গত ৭ আগস্ট, যখন রাজস্থান হাইকোর্ট নাবালিকা ধর্ষণের অভিযোগে দয়ালের গ্রেপ্তার থেকে সুরক্ষা দেওয়ার আবেদন নাকচ করে দেয়। অভিযোগ, দুই বছর আগে থেকে শুরু হওয়া এ ঘটনা আইপিএল ২০২৫ চলাকালেও চলেছিল। অভিযোগকারিণীর দাবি, ক্রিকেটে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দয়াল তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।
বিচারপতি সুদেশ বংশাল জানান, অভিযোগের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন। আদালত মামলার কার্যক্রম বা গ্রেপ্তারে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তী শুনানির তারিখ ঠিক হয় ১২ আগস্ট।
এ অবস্থায় ইউপিসিএ দয়ালের উত্তর প্রদেশ টি–টোয়েন্টি লিগে অংশগ্রহণ স্থগিত করেছে। আগামী ১৭ আগস্ট শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দয়াল আর খেলবেন না। মামলার নিষ্পত্তি না হলে ২০২৬ মৌসুমে আরসিবিও তাকে বাদ দেওয়ার পথে হাঁটতে পারে।
আইপিএল ক্যারিয়ারে ইয়াশ দয়াল এখন পর্যন্ত গুজরাট টাইটান্স ও আরসিবির হয়ে ৪৩ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন। গুজরাটের ২০২২ শিরোপা জয়ে ভূমিকা রাখার পর ২০২৫ মৌসুমে আরসিবির হয়ে ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের প্রথম শিরোপা জয়ে সহায়তা করেন।