মেসির শহরে বার্সেলোনার লা লিগা ম্যাচ আয়োজনের সম্ভাবনা 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্রে লা লিগার একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আগামী ২০ ডিসেম্বর ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব নিয়ে আজ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আলোচনা করবে। অনুমোদন পেলে এটি হবে ইউরোপের কোনো শীর্ষ লিগের প্রথম ম্যাচ, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগা প্রাথমিকভাবে আলোচনা করেছে ম্যাচটি ভিয়ারিয়ালের হোম ভেন্যু এস্তাদিও দে লা সেরামিকায় না করে মিয়ামিতে স্থানান্তরের বিষয়ে। যদিও এর আগে আরএফইএফ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছিল, তবে সম্প্রতি ফিফা অনুমোদন দিয়েছে জাতীয় লিগের ম্যাচ বিদেশে আয়োজন করা যাবে। 

আজ আরএফইএফ বোর্ড পরিচালকদের সভায় প্রস্তাবটি অনুমোদন পেলে এটি স্পেনের সংসদে পেশ করা হবে। এরপর দুই ক্লাবের সম্মতির ভিত্তিতে আরএফইএফকে উয়েফাকে অবহিত করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে উয়েফার সবুজ সংকেত পেলে বিষয়টি যাবে কনকাকাফ ও যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের কাছে। অনুমোদন পেলে এটি হবে যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রথম লিগ ম্যাচ। 

লা লিগার জন্য এটি হবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার একটি কৌশলগত পদক্ষেপ, বিশেষ করে যেখানে বার্সেলোনার বিপুল সমর্থকগোষ্ঠী রয়েছে। লামিন ইয়ামাল, রবার্ট লেভানডফস্কি, রাফিনহাদের মতো তারকাদের ম্যাচ স্পেনে না গিয়েই দেখার সুযোগ পাবে আমেরিকান ফুটবলপ্রেমীরা। আর ম্যাচটি হবে মায়ামিতে, যে শহরের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন বার্সেলোনার কিংবদন্তী লিওনেল মেসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত