‘অচিরেই দেশে ফিরছেন তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে এবং প্রধানমন্ত্রী হলে অবহেলিত মানুষের জন্য কাজ করবেন। 

সোমবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে। তার আগেই তারেক রহমান দেশে ফিরবেন। এর আগে তিনি ওই এলাকার বিভিন্ন মানুষের সাথে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন। 

এ কে এম কামরুজ্জামান বলেন, তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করা। যে সমাজে আইনের শাসন থাকবে, মানুষের চাকরি হবে, শিক্ষার উন্নয়ন হবে, স্বাস্থ্যের উন্নয়ন হবে, সমাজে বিশৃঙ্খলা দূর হবে। তারেক রহমান বিভিন্ন বক্তৃতার মধ্যে এই কথাগুলো বলেছেন। ৩১ দফায় বিভিন্নভাবে এই কথাগুলো বলা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান আরেকটি কথা বলেছেন। বাংলাদেশের উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন। যদি এ দেশের উন্নয়ন করতে হয় তাহলে কৃষির উন্নয়ন করতে হবে। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।