নতুন মৌসুম সামনে রেখে দল আরো শক্তিশালী করছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। সবশেষ ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে নাপোলি থেকে দলে ভিড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। ইতালির ১০ নাম্বার জার্সি পরেন রাসপাদোরি।
আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ বছর বয়সী রাসপাদোরির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা।
ইতালিয়ান সংবাদ মাধ্যম বলছে, ইউরোজয়ী এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে লা লিগার দলটির খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো। গ্রীষ্মের দলবদলে এটি আতলেতিকোর সপ্তম সাইনিং।
রাসপাদোরি ২০২২ সালে সাসুলো থেকে ধারে নাপোলিতে যোগ দেন। প্রথম মৌসুমেই সিরি' আ জেতেন। পরে তাকে কিনে নেয় নাপোলি। নাপোলির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে করেছেন ১৩ গোল, করিয়েছেন ১০টি। বেশির ভাগ সময়ই মাঠে নেমেছেন বদলি হিসেবে।
২০২০ ইউরো জয়ী রাসপাদোরি এখন পর্যন্ত ইতালির জার্সিতে ৪০ ম্যাচে ৯ গোল করেছেন।