বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
শুনানির শুরুতে আইনজীবী নাজনীন নাহার বলেন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। এ কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে (নাজনীন) বলেছেন।
জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘তিনি প্রসিডিওর জানেন। যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তা ছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল, তখন তিনি এসে বলতে পারতেন।’
এই মুহূর্তে কোনও আবেদন গ্রহণ করা সম্ভব নয় জানান বিচারক। ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনও সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হননি, অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এখন নতুন করে আইনজীবী দেওয়ার আইনি সুযোগ নেই।’
একপর্যায়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল