সম্প্রতি ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মোহাম্মদ সিরাজ শুধু বলের দক্ষতার জন্যই প্রশংসিত হচ্ছেন না, কৃতিত্ব দেওয়া হচ্ছে তাঁর প্রিয় খাবার—নাল্লি গোশত বিরিয়ানি ও পায়াকেও। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের মতে, এই পুষ্টিকর খাবারগুলো পেসারের শারীরিক শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছে, বিশেষ করে মজবুত পা গঠনে।
সম্প্রতি শেষ হওয়া অ্যান্ডারসন–তেন্ডুলকার ট্রফিতে পাঁচটি টেস্টেই খেলেছেন সিরাজ। ৩২.৪৩ গড়ে ২৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। জসপ্রিত বুমরাহের অনুপস্থিতিতে সিরাজ কাঁধে নেন আক্রমণের দায়িত্ব, তুলে নেন দুইটি পাঁচ উইকেটের শিকারও। আজহারউদ্দিন ‘মিড-ডে’কে বলেন,
“সিরাজ অসাধারণ ছিল। নাল্লি গোশত বিরিয়ানি আর পায়ার জন্যই তাঁর শরীর, বিশেষ করে পা, এত মজবুত হয়েছে। পুরো সিরিজ জুড়ে ওর ভেতর ছিল জেতার ক্ষুধা, উদ্যম ও শক্তি।”
সাবেক এই অধিনায়ক বিশেষভাবে মুগ্ধ হয়েছেন ওভালে সিরাজের ম্যাচ জেতানো স্পেলে। “ওভালে যে স্পেলটা সে করল, তা ছিল অবিশ্বাস্য। বুমরাহ না থাকায় দারুণভাবে দায়িত্ব নিয়েছে। ইংল্যান্ড ব্যাটারদের ওপর চেপে বসে দারুণ তীব্রতায় বোলিং করেছে। ও এখন ভারতের ক্রীড়াঙ্গনের নতুন সুপারস্টার।”
সিরিজের শেষ টেস্টের শেষ দিনে ওভালে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পথে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ৩১ বছর বয়সী সিরাজের হাতে ছিল অন্য পরিকল্পনা। অল্প সময়েই তুলে নেন তিনটি উইকেট, ছয় রানের নাটকীয় জয় এনে দেন ভারতকে, ফলে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ সমতায়।
সিরিজের প্রথম বল থেকে শেষ বল—যেটি গাস অ্যাটকিনসনের অফ স্টাম্প উড়িয়ে দিয়েছিল—পর্যন্ত লড়াকু মনোভাব নিয়ে খেলেছেন সিরাজ। আর আজহারউদ্দিনের মতে, যিনি নিজেও হায়দরাবাদের মানুষ, সিরাজের সাফল্যের রহস্যের অংশ হয়তো এক প্লেট বিরিয়ানি আর এক বাটি পায়াতেই লুকিয়ে!