‘বাঁশখালীর বিএনপির সাবেক নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোর মতো সাংবাদিককে মেরে ফেললে কী হবে?’ এভাবে হুমকি দিয়ে বেলাল উদ্দিন নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নগরের আন্দরকিল্লা মোড়ে হামলার শিকার হন দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বেলাল উদ্দিনের অভিযোগ, আজ বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু সংক্রান্ত নিউজের তথ্য দেয়ার কথা বলে নিজাম উদ্দিন নামে একজন (হামলাকারী) তাকে ফোন করে আন্দরকিল্লায় ডেকে নেন। সেখানে পৌঁছানো মাত্রই বেলালের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
বেলাল জানান, গত ৪ জুলাই বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলন নিয়ে করা তার একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদের একাংশে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন ড্রেজার জব্দের কথা উল্লেখ করা হয়।
তার ওপর হামলায় অংশ নেওয়া বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, নিজাম উদ্দিন এবং রেজাউল হক চৌধুরীর অনুসারী মোহাম্মদ নুরুন্নবীকে শনাক্ত করেছেন বলে জানিয়েছেন বেলাল উদ্দিন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নুরুন্নবী বলেন, ‘বেলাল হচ্ছে আওয়ামী লীগের দোসর, এই কারণে তাকে ধরে পুলিশের কাছে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু সে পালিয়ে গেছে। তাকে পাবলিক মেরেছে।’
এ বিষয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’