সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকছেন রজার বিনি

ভারতের সংসদে জাতীয় ক্রীড়া বিল পাস হওয়ায় দেশটির সাবেক অলরাউন্ডার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন আইনে জাতীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ হওয়ায়, বিসিসিআই রাজ্য ইউনিটের সম্মতিতে বিনি আরও কয়েক বছর দায়িত্বে থাকার এ সুযোগ পেতে যাচ্ছেন। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মতো বৈশ্বিক সংস্থায় কোনো বয়সসীমা না থাকায় জাতীয় সংস্থার কর্মকর্তাদের ৭৫ বছর পর্যন্ত দায়িত্ব পালনে বাধা থাকবে না। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘রজার অন্তত সেপ্টেম্বরের বোর্ড মিটিং পর্যন্ত থাকবেন। নতুন মেয়াদ পাবেন কি না, তা সদস্য ও বিসিসিআইয়ের প্রভাবশালী মহলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’ ২০২২ সালের অক্টোবরে রজার বিনি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বিসিসিআই সভাপতির দায়িত্ব নেন। 

জাতীয় ক্রীড়া বিলের আওতায় আসবে বিসিসিআই, তবে দেশের সবচেয়ে ধনী এই ক্রীড়া সংস্থার ক্ষেত্রে তথ্য অধিকার আইন (আরটিআই) প্রযোজ্য হবে না। কারণ তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান গ্রহণ করে না। বিসিসিআইয়ের আইনি দল ইতিমধ্যে বিলের খুঁটিনাটি বিশ্লেষণ শুরু করেছে।

বোর্ড সূত্র জানায়, ‘বিলটি সদ্য পাস হয়েছে। আমরা সময় নিয়ে সব বিষয় পর্যালোচনা করব। এছাড়া ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করা হবে।’