৯২ রানে অল-আউট পাকিস্তান; ৩৪ বছর পর উইন্ডিজের সিরিজ জয়

‘আনপ্রেডিক্টেবল’ হিসেবে খ্যাত পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দিয়ে ২০২ রানের বিশাল জয় তুলে নিয়েছে উইন্ডিজ। জেইডেন সিলসের আগুনে বোলিং ও শেই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করল ড্যারেন স্যামির দল। ৩৪ বছর পর তারা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল। সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা তোলে ২৯৪ রান। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়—শীর্ষে আছে ২০১৪ সালে নিউজিল্যান্ডকে ২০৩ রানে হারানো ম্যাচটি। বিগত ৩৪ বছরে দুই দলের ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১০টিতেই জিতেছিল পাকিস্তান, একটি হয়েছে ড্র।

ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের নায়ক অধিনায়ক শেই হোপ। তার ব্যাট থেকে আসে ৯৪ বলে অপরাজিত ১২০ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। এটি তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। ক্যারিবিয়ানদের মাঝে সেঞ্চুরির তালিকায় তার ওপরে আছেন শুধু ব্রায়ান লারা (১৯) এবং ক্রিস গেইল (২৫)। অন্যদিকে জেইডেন সিলস বল হাত ঝলক দেখিয়ে মাত্র ১৮ রানে শিকার করেন ৬ উইকেট, যা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সেরা বোলিং ফিগার।

রান তাড়ায় নেমে পাকিস্তানের মাত্র তিন ব্যাটার দুই অংকে যেতে পেরেছেন! সর্বোচ্চ ৩০ রান করেছেন আগা সালমান। এছাড়া মোহাম্মদ নওয়াজ ২৮ বলে আপরাজিত ২৩ আর হাসান নওয়াজ ৪০ বলে করেন ১৩ রান। পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে! সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতার পর কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে কৌশলগত বৈঠক করেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারপরই এলো সিরিজ জয়ের সাফল্য।