প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
দোন্নারুমা লিখেছেন, “বিশেষ প্যারিস সমর্থকদের উদ্দেশে বলছি—আমি আসার প্রথম দিন থেকেই মাঠের ভেতরে ও বাইরে সবটুকু দিয়েছি, যাতে নিজের জায়গা পাকা করতে পারি এবং পিএসজির গোলপোস্ট রক্ষা করতে পারি। দুর্ভাগ্যবশত, কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর এই দলের অংশ হয়ে অবদান রাখতে পারব না। আমি হতাশ ও মনঃক্ষুণ্ণ।”
এর আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, দোন্নারুমাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পুরো দায় তার, “দোন্নারুমা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, এবং অসাধারণ একজন মানুষও। কিন্তু এটাই শীর্ষ পর্যায়ের ফুটবলারের জীবন। এই কঠিন সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায় নিচ্ছি। গোলরক্ষকের যে প্রোফাইল আমার দলে দরকার, সেটির সঙ্গেই বিষয়টি জড়িত।”
গত শনিবার লিল থেকে লুকাস শেভালিয়ে-কে ৪ কোটি ইউরো (প্রায় ৪৭ মিলিয়ন ডলার) মূল্যে কিনেছে পিএসজি, সঙ্গে সম্ভাব্য বোনাস হিসেবে আরও ১ কোটি ৫০ লাখ ইউরো। শেভালিয়েকে নতুন নাম্বার ওয়ান হিসেবে দলে ভিড়িয়েছে ক্লাবটি। পিএসজিতে দুই শীর্ষ গোলরক্ষক থাকায় দোন্নারুমাকে রাখার পরিকল্পনা নেই ক্লাবের।
২৬ বছর বয়সী দোন্নারুমার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি শেষ হতে আর এক বছর বাকি। তিনি নতুন চুক্তি করতে চাইলেও বেতন কাঠামোতে একমত হতে পারেননি দুই পক্ষ। বর্তমানে মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো উপার্জনকারী দোন্নারুমা বেতন বৃদ্ধির দাবি জানান। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের নতুন নীতি—কম বেসিক বেতন ও পারফরম্যান্সভিত্তিক ইনসেনটিভ—মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ইতালীয় গোলরক্ষক।
গত মৌসুমে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন দোন্নারুমা। তবে এনরিকে এমন গোলরক্ষক চান, যার পায়ে বল রাখার দক্ষতা ও বল বিতরণে পারদর্শিতা বেশি—যা শেভালিয়ের মধ্যে আছে।
সমর্থকদের উদ্দেশে দোন্নারুমা আরও লেখেন, “আশা করি, পার্ক দে প্রিন্সেসে আপনাদের চোখে চোখ রেখে বিদায় জানানোর সুযোগ পাব। যদি তা না-ও হয়, তবে জেনে রাখুন, আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার কাছে সবকিছু, যা আমি কখনও ভুলব না। আমার সতীর্থদের ধন্যবাদ প্রতিটি লড়াই, প্রতিটি হাসি, প্রতিটি মুহূর্তের জন্য—আপনারা সবসময় আমার ভাই হয়ে থাকবেন। এই ক্লাবের হয়ে খেলা এবং এই শহরে থাকা ছিল আমার জন্য এক বিরাট সম্মান। ধন্যবাদ, প্যারিস।”