পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আলোচনার মধ্যে মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত তাদের অবস্থান স্পষ্ট করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ‘অপরিবর্তিত’ রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা ‘উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছেন।
এটি আসিম মুনিরের গত দুই মাসে দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। সফরের সময় ফ্লোরিডার এক নৈশভোজ অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেন। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।
ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, সাম্প্রতিক ভারত–পাকিস্তান সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অংশগ্রহণ ওয়াশিংটনের জন্য গর্বের বিষয় ছিল।
তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারত। তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন। সেই সময় ফোনালাপ ও সমন্বয়ের মাধ্যমে আক্রমণ বন্ধ করা এবং উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি গর্বের অর্জন।’
‘আসিম মুনিরের সাম্প্রতিক ট্রাম্প সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের জন্য সহায়তা বা অস্ত্র সরবরাহ বাড়াবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়’—এই প্রশ্নের জবাবে ব্রুস বলেন, ‘আমাদের সম্পর্ক উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত এবং ভালো আছে। কূটনীতিকরা উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্রুস আরও জানান, মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় উভয় দেশ সন্ত্রাস দমন ও প্রতিরোধে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজেছে। তার ভাষায়, ‘এই অঞ্চল এবং বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের উভয় দেশের সঙ্গে কাজ করা একটি ইতিবাচক প্রক্রিয়া, যা সকলের জন্য উপকারী ভবিষ্যত গড়তে সহায়তা করবে।’