এবার কানাডায় ‘নয়া মানুষ’

সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ গত ৬ ডিসেম্বর। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়ায় সিনেমটি। নয়া মানুষ এবার জায়গা করে নিয়েছে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ। ৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে, যেখানে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। এ আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।’ 

 আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজা'র সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।