২০ বল করে ১০ বাউন্ডারি খেলেন রশিদ খান

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের দিনকাল ভালো যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আকাশসমান হলেও ফর্মটা যেন হারিয়ে ফেলেছেন। সর্বশেষ আইপিএলে হজম করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৩টি ছক্কা। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেডে ১০ বাউন্ডারি হজম করে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন এই আফগান তারকা।

গতকাল মঙ্গলবার বার্মিংহামে ওভাল ইনভিন্সিবলসের হয়ে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে তিনি ২০টি বল করেছেন। খরচ করেছেন ৫৯ রান, যার মধ্যে ১০টিই ছিল বাউন্ডারি! মানে তার অর্ধেক বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন প্রতিপক্ষ ব্যাটাররা, যার মধ্যে আছে ৪টি চার এবং ৬টি ছক্কার মার। এটাই দ্য হান্ড্রেডে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে ৪ ওভারে (৫ বলে ওভার) ৫৩ রান দিয়ে এই রেকর্ডটি ছিল নামিবিয়ার ডেভিড ভিসার।

এদিন ১৮১ রান তাড়ায় নেমে শেষ ২৫ বলে বার্মিংহামের দরকার ছিল ৬১ রান। তখন রশিদের এক ওভারেই ৩ ছক্কা ২ চারে লিয়াম লিভিংস্টোন নেন ২৬ রান। পুরো স্পেলে রশিদ হজম করেন ১০টি বাউন্ডারি—৪টি চার ও ৬টি ছক্কা। বার্মিংহামের জিতে যায় ২ বল হাতে রেখে। ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন লিভিংস্টোন। এর আগে হানড্রেডের সর্বশেষ দুই ম্যাচে রশিদ নিয়েছিলেন ৬ উইকেট।

অবশ্য পরিসংখ্যান বলছে, ইংলিশ তারকা লিভিংস্টোনর ‘প্রিয় বোলার’ হলেন রশিদ। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ১০২ বল খেলে লিভিংস্টোন করেছেন ২০০ রান, স্ট্রাইক রেট ১৯৬। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে লিভিংস্টোন বলেন, ‘আমি আগেও ওর বিপক্ষে খেলেছি, তাই আত্মবিশ্বাস ছিল। তার বিপক্ষে স্লগে আমার রেকর্ড ভালো। কিছু বল সোজা খেলতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে স্লগই বেশি নিরাপদ মনে হয়েছে।’