মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক পুরুষ ও ৩ নারীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। বুধবার মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার কতোয়ালি থানার মৃত মশিউর রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২), সাতক্ষীরা শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (৩৫), এবং মাদারীপুর রাজৈর থানার ধীর বাহাদুরের স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।
আটক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার জানান—তারা সকলেই ১৯ মাস থেকে ২৪ মাস পর্যন্ত জেল খেটেছেন ভারতের বিভিন্ন জেলে। পরে তাদের এই সীমান্তের পাশে গ্রামে জড়ো করে জোরপূর্বক বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। তারা বিভিন্ন রোগের চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এই অপরাধে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগ শেষে বুধবার তাদের পুশইন করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এক পুরুষ ও ৩ নারীকে বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় এনেছে। নাগরিকত্ব যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।