চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দর্শনা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দিলে তারা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশইন হয়ে আসা ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, পুশইন হওয়া সবাই অবাঙালি মুসলিম। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।
পুশইন হয়ে আসা একজন জানান, দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়ারও অভিযোগ করেন তারা।
ওই ১৪ জনের পরিচয় যাচাইয়ে কাজ করছে বিজিবি। যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
