হামজার অপেক্ষায় কাবরেরা

সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাবে বাংলাদেশ জাতীয় দল। কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটিকে বিবেচনা করা হচ্ছে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি হিসেবে। প্রীতি ম্যাচ বলেই নেপাল সফরে হামজা চৌধুরী ও শামিত সোম খেলবেন না জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তারা। তবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নেপাল সফরে লেস্টার সিটি তারকা হামজাকে চাইছেন খুব করে। তাই তিনি ২৪ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাকে।

হামজার দল লেস্টার গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে নেমে এসেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে। এর মধ্যে লেস্টার একটি ম্যাচও খেলে ফেলেছে। তাই নেপালে প্রীতি সফরে তাকে পাওয়া নিয়ে সংশয় আছে যথেষ্ট। তারপরও বাফুফে হাল ছাড়ছে না। নেপাল সফরের জন্য হামজাকে ছাড়পত্র দিতে লেস্টারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাফুফে। ইংলিশ ক্লাবটি এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।

জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের একই সময় খেলা থাকায় বেশ কজন তরুণকে যুবদলের জন্য ছাড়তে হচ্ছে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে। বুধবার ক্যাম্প শুরুর প্রথম দিনে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন হামজাকে পেতে বাফুফের চেষ্টার কথা, ‘২৪ জনের স্কোয়াড নিয়ে আমরা যে ক্যাম্প শুরু করেছি, সেখানে আমরা হামজাকেও রেখেছি। তাকে পাওয়ার আশা এখনো ছাড়িনি। যেহেতু পাওয়া যেতে পেরে এমন সম্ভাবনা আছে। আমাদের অফিস থেকে যেভাবে যোগাযোগ করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু ক্লাবের অনুমতি নিয়ে তাকে আনতে হবে। সেই অনুরোধ তার ক্লাবকে দেওয়া হয়েছে।’

কারবেরার নেপাল সফরের দলে ডাক পাওয়া ২৪ জনের তালিকা অবশ্য বাফুফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি এখনো। তাদের যুক্তি ঘরোয়া ফুটবলের দলবদল চলমান, তাই কে কোন ক্লাবে চুক্তিবদ্ধ হচ্ছে, তা তাদের অজানা। তবে নির্ভরযোগ্য সূত্রে কাবরেরার ২৪ সদস্যের তালিকা হাতে এসেছে দেশ রূপান্তরের। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ২৩ সদস্যের স্কোয়াডের মধ্যে ১৬ জনকে রাখা হয়েছে নেপাল সফরের দলে।

ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের দলে ছিলেন না জুনিয়র সোহেল রানা। তবে বসুন্ধরা কিংসের হয়ে মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলার পুরস্কার পেয়েছেন এই মিডফিল্ডার। কাবরেরা দলে রেখেছেন গত বছর নভেম্বরের বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে জয়সূচক গোল করা আবাহনী মিডফিল্ডার পাপন সিংকে। পুলিশ এফসির হয়ে ভালো পারফর্ম করার পরও শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়া ডিফেন্ডার ইশা ফয়সাল ফিরেছেন জাতীয় দলে। এ ছাড়া ব্রাদার্স গোলকিপার পাপ্পু হোসেন, আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেন ও মোহামেডানের মিডফিল্ডার আরিফ হোসেনকে রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

সিঙ্গাপুর স্কোয়াডে থাকাদের মধ্যে নেপাল সফরের দলে নেই গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার শেখ মোরসালিন ও শামিত সোম, ফরোয়ার্ড ফাহমেদুল ইসলাম ও আল-আমীনকে। এর মধ্যে শামিত সোম বাদে বাকিদের রাখা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলে।

শামিত সোমের ক্লাব কেভারলি এফসিকেও চিঠি দিয়েছিল বাফুফে। তবে নেপাল সফরের সময় তার ক্লাবের খেলা থাকবে বলে শামিতকে রাখা হয়নি প্রাথমিক তালিকায়।

কোচ খেলোয়াড় চূড়ান্ত করলেও অদ্ভুত সিদ্ধান্তে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাফুফে। তবে কাবরেরার সেই তালিকায় নেই তেমন কোনো চমক। আলোচিতদের মধ্যে থাকতে পারত কিউবা মিচেলের নাম। মঙ্গলবার বাংলাদেশি হিসেবে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাজ্য প্রবাসী তরুণ ফরোয়ার্ডের। তাকে অনূর্ধ্ব-২৩ দলে খেলানো হবে বলে রাখা হয়নি সিনিয়র দলে।