টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট জেলার তিস্তার বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৬ মিটার যা বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ১১ সেন্টিমিটার বেশি। সকাল ৯টার মধ্যে পানি আরও বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের আঃ করিম (৭০) বলেন, এই কয়েকদিনেই ৩ দফা বন্যার কবলে পড়েছেন তারা। বন্যায় গবাদিপশুসহ শিশু নিয়ে চরম বিপাকে পড়েছে।
কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর ইস্ট্রাকো সোলার প্যানেল এলাকায় ভাঙন ঝুঁকি দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, সোলার প্যানেল স্থাপনের কারণে তিস্তার মূল স্রোত বদলে গিয়ে লোকালয়ের রাস্তায় চাপ পড়ছে। ওই এলাকা ভেঙে গেলে পানি সরাসরি কালীগঞ্জ উপজেলা শহরে ঢুকে পড়তে পারে।
তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দা এনামুল কবির বলেন, সোলার প্যানেলের কারণে পানির চাপ বেড়েছে। বাঁধ ও রাস্তা ভেঙে গেলে হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়বে।
পাটিকাপাড়া ইউনিয়নের দিনমজুর সামসুল আলম জানান, নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় তাদের পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পশুপাখি, শিশু, বৃদ্ধ আর প্রতিবন্ধীদের নিয়ে আমরা চরম বিপাকে আছি। এখনো কেউ খোঁজ নেয়নি, ত্রাণ পাইনি।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬টি ওয়ার্ডের পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি। ঘরবাড়ি, ফসলের জমি, রাস্তা-ঘাট—সবকিছু পানির নিচে। দ্রুত ত্রাণ সহায়তা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখনো স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রাকিব হায়দার বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।