হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!

হলিউডের সিনেমার প্রত্যয় ব্যক্ত করে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি খুব শিগগীরই হলিউডের সিনেমায় অভিনয় করবো। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’ 

মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্বে অতিথি হয়ে এভাবেই নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন গুণী অভিনেতা জাহিদ হাসান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্ব প্রচার হবে আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে। 

পডকাস্ট শো’তে জাহিদ হাসান আরো বলেন, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন অকপটে। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা। অনুষ্ঠানটি’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।