নতুন গল্প ও চরিত্রে জাহিদ হাসান

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

অনেকদিন পর নতুন এক গল্পের নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান। তাকে নিয়ে আট বছর পর নাটক নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।  নাটকের নাম ‘পথহারা মন’। 

মঙ্গলবার (১৪ জুলাই) নাটকটির শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জাকিয়া হোসেন তৃষার গল্পে নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। জাহিদ হাসান বলেন, রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই আনন্দের। দীর্ঘদিন পর আবার তার পরিচালনায় অভিনয় করতে পেরে আমি অনেক খুশি। গল্প ও শুটিংয়ের পরিবেশও বেশ ভালো লেগেছে আমার।’ 

প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু। নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে। 

জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন। প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ বলেন, জাহিদ হাসানের সহজাত অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত