ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্কের কথা মনে আছে? বিপিএলের সর্বশেষ আসরেই তো চিটাগং কিংসের হয়ে খেলে গেছেন। টপ অর্ডারে তার ব্যাটিং ঝড় ছিল উপভোগ্য। টুর্নামেন্টে এক সেঞ্চুরিতে করেছিলেন ৪৩১ রান। সেই গ্রাহাম ক্লার্ক এবার শেষ বলে ছক্কা মেরে নায়ক বনে গেলেন দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। মিলিয়ে দিলেন ১ বলে ৫ রানের কঠিন সমীকরণ।
বিপিএলে টপ অর্ডারে খেললেও নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ৬ নম্বরে খেলতে হচ্ছে ক্লার্ককে। গতকাল বুধবার সাউদাম্পটনে টসে হেরে ব্যাটিং করতে নেমে ১০০ বলে ১৩৯ রান তুলেছিল সাউদার্ন ব্রেভ। রান তাড়ায় নেমে ক্লার্কের দল নর্দার্ন সুপারচার্জার্সের শেষ ১০ বলে প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু জফরা আর্চার ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তাই শেষ ওভারে প্রয়োজন হয় ১০ রানের।
টাইমাল মিলসের করা প্রথম ২ বল থেকেই ৫ রান তুলে ফেলেন আদিল রশিদ ও ক্লার্ক। পরের দুই বলে কোনো রান আসেনি। শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্লার্ক। নিজে অপরাজিত থাকেন ২৪ বলে ৩৮ রানে। ম্যাচ জয়ের পর ক্লার্ক বলেছেন, ‘মিডল অর্ডারে এর আগে কখনোই ব্যাটিং করিনি। কয়েক দিন ধরে নিল ম্যাকেঞ্জির (ব্যাটিং কোচ) সঙ্গে বসে নিজের পাওয়ার হিটিং উন্নত করার চেষ্টা করেছি।’